শিক্ষায় সিলেটের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে : সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ৮:০২:১৩ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এক সময় সিলেট ছিল শিক্ষায় অগ্রসর একটি অঞ্চল| কিন্তু আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি| বর্তমানে শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে পড়েছে| হারানো সেই গৌরব পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে| বুধবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
নারীশিক্ষায় সিলেটের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে সিসিক প্রশাসক বলেন, একসময় সিলেটে নারীদের উচ্চশিক্ষার সুযোগ খুবই সীমিত ছিল| তারপরও কিছু অগ্রগামী নারী উচ্চশিক্ষা গ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন| শামসি খানম চৌধুরী ছিলেন সিলেটের প্রথম নারী গ্র্যাজুয়েট, যিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন| এছাড়া ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণকারী প্রথম নারী ছিলেন মৌলভীবাজারের রাজনগরের লীলা নাগ|
তিনি বলেন, সিলেট সরকারি মহিলা কলেজ নারীশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে| এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে অনেক নারী পরবর্তীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন| তাই এ কলেজকে সিলেটের নারীশিক্ষার অগ্রদূত বলা যায়| তবে কলেজটির কাঙ্ক্ষিত উন্নয়ন এখনও হয়নি উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আশির দশকে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান এ কলেজকে জাতীয়করণ করেন| কিন্তু এখনও এখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে| কমার্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠদানের সুযোগ নেই| আমরা নতুন নতুন বিষয়ে পাঠদানের ব্যবস্থা চালু, প্রয়োজনীয় শিক্ষক পদ সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করতে চাই|
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ| এ সময়ের ফলাফল ভবিষ্যতের পথ নির্ধারণ করে| তাই অপ্রয়োজনীয়ভাবে ডিভাইসে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে|
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক অনুপা নাহার ওয়ালেদা| বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সামছুল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী| আরও বক্তব্য দেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক সহকারী অধ্যাপক মোছাম্মৎ নাহিদা আক্তার|
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন| বিজ্ঞপ্তি




