সিলেটের রাহাদের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৯:২৩:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশের সর্বোচ্চ রোভার স্কাউট স্বীকৃতি ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (চজঝ)’ অর্জন করেছেন সিলেটের রোভার স্কাউট হাফিজুর রহমান রাহাদ। গত ১৭ মে বাংলাদেশ স্কাউটসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ২০২২ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের পুনর্মূল্যায়নের চূড়ান্ত ফলাফলে তাকে অ্যাওয়ার্ডপ্রাপ্ত হিসেবে ঘোষণা করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ, বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাকে অনুষ্ঠিত মূল্যায়ন কার্যক্রমে প্রার্থীদের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে জাতীয় নির্বাহী কমিটির ৫২তম সভার অনুমোদনক্রমে চারজন রোভার স্কাউটকে চূড়ান্তভাবে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তদের তালিকায় স্থান পাওয়া হাফিজুর রহমান রাহাদ সিলেট জেলার সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে স্কাউটিং কার্যক্রম, স্বেচ্ছাসেবা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
বাংলাদেশ স্কাউটস এর রোভার শাখার সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে রাহাদ শুধু নিজের ইউনিট নয়, সিলেটের স্কাউটিং অঙ্গনের জন্যও বয়ে এনেছেন গৌরব।
এদিকে, গত ১৯ মে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের ১২৭ তম নির্বাহী কমিটির সভায় রাহাদের পিআরএস অর্জন উপলক্ষে তাঁকে সংবর্ধনা প্রদান করে সিলেট জেলা রোভার। এ-সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা ও জেলা রোভারের কমিশনার মো. মবশ্বির আলী এএলটিসহ উপস্থিত অতিথিবৃন্দ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।




