এসএমপির ৩২ ঘন্টার অভিযানে আটক ৬৯
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৯:১৮:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীতে অপরাধ কর্মকান্ড দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৬৯ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছেন ৩৭ জন। এইসময়ে ট্রাফিক পুলিশ ১৯১ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়।
এরমধ্যে নিয়মিত মামলা ও সন্দেহভাজন আসামী ৭, ওয়ারেন্টভুক্ত ৯, মাদক ব্যবসায়ী ১ ও মেট্রো অধ্যাদেশ আইনে আটক হয়েছেন ২০ জন। এসময় অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ কার্টুন ভারতীয় প্রিঞ্জল চিপ জব্দ করা হয়।
এদিকে এসময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৯৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯৩টি যানবাহন জব্দ করা হয়।
এছাড়া বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ৩২ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে নিয়মিত মামলার আসামী ৩ জন, ও সন্দেহভাজন ৮জন, ওয়ারেন্টভুক্ত ৫, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ১৪ জন ও ২ জন হকার রয়েছেন।
এসময় অভিযানে ৬০ বস্তায় ১৮০০ কেজি ভারতীয় জিরা, ১৫ বস্তায় ৭৫০ কেজি চা-পাতা ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।




