ব্রেন টিউমারে আক্রান্ত বারহালের রত্না বাঁচতে চায়
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ৮:১৩:০২ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামের চল্লিশঘরের মেয়ে রত্না বেগম। বয়স মাত্র ১৮ বছর। যে বয়সে তার থাকার কথা ছিল স্বপ্ন, পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে হাজারো পরিকল্পনা-সেই বয়সেই সে আজ ব্রেন টিউমারের মতো কঠিন রোগ নিয়ে লড়াই করছে। তার পিতা আবুল আহমদ একজন দিনমজুর। কষ্ট করে কোনোমতে সংসার চালানোই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
এলাকাবাসীর সহযোগিতায় কিছুদিন চাঁদা তুলে তার চিকিৎসা চলছিল। কিন্তু এখন সেই সহায়তার হাত থেমে গেছে। চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় রত্নার অবস্থাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। একটি তরুণ প্রাণ ধীরে ধীরে নিভে যাচ্ছে-এ দৃশ্য সত্যিই সহ্য করা কঠিন।
সম্প্রতি একজন সংবাদকর্মী হিসেবে তার একটি ছবি তুলতে গেলে রত্না অস্ফুট রাগ আর কষ্ট নিয়ে বলে ওঠে, ‘এখন ছবি তুলে লাভ নেই, আমি বাঁচবো না।’ এই একটি বাক্যেই যেন তার অসহায়তা, হতাশা আর বেঁচে থাকার আকুতির গভীরতা ফুটে ওঠে। চিকিৎসার অভাবে একটি মেয়ের এমন হাল ছেড়ে দেওয়া আমাদের সবার জন্যই বড় কষ্টের এবং লজ্জার।
তাই মানবতার দৃষ্টিতে সকলের কাছে বিনীত আবেদন—আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী রত্না বেগমের পাশে দাঁড়ান। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে তার বেঁচে থাকার শেষ আশার আলো। আসুন, আমরা সবাই মিলে আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং একটি অসহায় পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনি। বিকাশ:০১৭১৫৭৭৭৬৩৭।





