সেনাদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৮:৩৩:৩৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ২০২৪ সালের জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ধীরে ধীরে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অনেক সৈনিক আমরা উইথড্র করেছি, এখনো পুরোপুরি হয়নি। আশা করছি, কিছু সময়ের মধ্যেই আমরা ব্যারাকে ফিরতে পারবো।
দেশের প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী সেনাবাহিনীকে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে হতে পারে জানিয়ে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার চাইবে, ততক্ষণ আমরা মাঠে থেকে প্রয়োজনীয় কাজে সহযোগিতা করে যাব। এরপর আমাদের প্রধান কাজ ক্যান্টনমেন্টে ফিরে প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাওয়া, যা আমাদের নিজস্ব পদ্ধতিতে ধীরে ধীরে শুরু করতে হবে।
অনুষ্ঠানে দেশের ক্রান্তিকালে সেনাসদস্যদের ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
ফায়ারিং প্রতিযোগিতায় অংশ নেওয়া সেনাসদস্যদের প্রশংসায় তিনি বলেন, ১৮ মাস মাঠে দায়িত্ব পালনের পরও তাদের পারফরম্যান্স ছিল ‘অভূতপূর্ব’।
১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। এতে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।




