শাবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. খায়রুল
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৭:৪৩:০৮ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. খায়রুল ইসলাম| শনিবার (২৩ মে) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়|
প্রজ্ঞাপনে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে| যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসরের পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন| একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন|
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, সরকার আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন সেটির জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ| বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বৃহত্তর স্বার্থে আমি সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই| এই যাত্রায় আমি সবার দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি|
অধ্যাপক ড. খায়রুল ইসলাম রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন| পরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন| পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন |
অধ্যাপক ড. খায়রুল ইসলাম বিএনপি সমর্থিত ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন| পাশাপাশি শাবিপ্রবির সাদা দলভিত্তিক শিক্ষক ফোরামের সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন| তিনি বগুড়া জেলার বাসিন্দা।




