দোয়ারায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৭:৪৪:২৬ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| সভায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, সীমান্ত সুরক্ষা এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট নিয়ন্ত্রণসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে| গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়|
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন| তিনি তাঁর বক্তব্যে বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দোয়ারাবাজারে মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে| বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কিশোর গ্যাংয়ের অপتৎপরতা যেকোনো মূল্যে বন্ধ করার তাগিদ দেন তিনি| আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন|
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের সভাপতিত্বে সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরুর বাজার নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়| সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, উপজেলার প্রতিটি পশুর হাটে ইজারাদারদের সরকার নির্ধারিত টোল তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা বাধ্যতামূলক করতে হবে| কোনো হাটে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি বা অতিরিক্ত টোল আদায় করা হলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়|
একই সাথে সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাঁশতলা হকনগর এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও সেখানে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর পরিচালনা কমিটি গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়| সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনের যৌথ তৎপরতা বাড়ানোর বিষয়েও সভায় একমত পোষণ করেন উপস্থিত সদস্যবৃন্দ|
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার এবং সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ|
এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিজিবি প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ এবং কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন| সভার সমাপনী বক্তব্যে সভাপতি ও ইউএনও অরুপ রতন সিংহ বলেন, উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে| একটি অপরাধমুক্ত ও শান্তিময় দোয়ারাবাজার গড়তে তিনি জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন|




