শিশু নৃশংসতার বিরুদ্ধে কড়া বার্তা ইউনিসেফের
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৮:২০:৫১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর ভয়াবহ সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, যেসব স্থানে শিশুদের নিরাপদ থাকার কথা, সেখানেই তারা চরম নির্যাতনের শিকার হচ্ছে— যা অবশ্যই বন্ধ করতে হবে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
ইউনিসেফ জানায়, ২০২৬ সালে এখন পর্যন্ত নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ও নির্মম নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা এখন অতি জরুরি হয়ে পড়েছে।
সংস্থাটি অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, প্রতিরোধ ব্যবস্থা, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া, শিশুবান্ধব পুলিশিং এবং বিচারব্যবস্থায় বড় ধরনের ঘাটতি রয়েছে— যা দ্রুত দূর করা প্রয়োজন। পাশাপাশি স্কুল, মাদরাসা, কর্মক্ষেত্র ও কমিউনিটি পর্যায়ে সুরক্ষা ও জবাবদিহি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে ইউনিসেফ।
ইউনিসেফ সতর্ক করে বলেছে, নির্যাতনের শিকার শিশু ও নারীদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এক ধরনের দ্বিতীয় নির্যাতন, যা ভুক্তভোগী ও তাদের পরিবারের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেয়।
সংস্থাটি গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সাধারণ মানুষকে ভুক্তভোগীদের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সহায়তার প্রয়োজনে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইউনিসেফ বলেছে, প্রতিটি শিশু সব জায়গায় বাড়ি, স্কুল, কমিউনিটি ও সমাজে পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রাখে।




