কান্দিগাঁওয়ে কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ : ২ যুবক কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৯:৪৫:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন ১৫ বছরের এক কিশোরী। এর অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাঙরপার এলাকায় এই ঘটনা ঘটে।
শনিবার (২৩ মে) দুপুরে জালালাবাদ থানায় কিশোরীর মায়ের দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সালমান শাহ (৩২) ও আলী হোসেন (৩০)। তারা ঐ এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগীর দূরসম্পর্কের চাচা। আটক দুইজনের মধ্যে একজন ওই ব্যক্তির মাধ্যমেই অপর আসামির সঙ্গে কিশোরীর পরিচয় ও যোগাযোগ তৈরি হয় বলে জানায় পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব জানান, ভুক্তভোগী কিশোরী বর্তমানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। কিশোরীর মা ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। ওসিসি থেকে মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
এর আগে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাঙরপার এলাকায় সন্ধ্যার পর ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী দুইজনকে আটক করে এবং পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।




