এসএমপির ৩২ ঘন্টার অ্যাকশনে আটক ২৩৩
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৯:৪৩:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য খুনের ঘটনার পর নগরজুড়ে সাড়াশি অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। ৩২ ঘন্টায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে ২৩৩ জনকে। এই সময়ে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
এসএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ৬৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের- নিয়মিত মামলার আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, জুয়াড়ি, চোরাচালানকারী, কিশোর গ্যাং সদস্য, দালাল, ভেজাল খাদ্য প্রস্তুতকারী এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।
এদিকে এসময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
এছাড়া শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ১৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নিয়মিত মামলার ও সন্দেহভাজন আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী-মাদকসেবী ও ছিনতাইকারী রয়েছেন।
শনিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।





