মালয়েশিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৭:৪৬:৪৩ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া : মালয়েশিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিরাপত্তা জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন| সংস্থাটি অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৫-এর আওতায় ‘চাইল্ড প্রোটেকশন কোড’ এবং ‘রিস্ক রিডাকশন কোড’ চালু করেছে, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে|
এক বিবৃতিতে এমসিএমসি জানায়, এই দুটি কোডের লক্ষ্য হলো শিশু ও পরিবারের জন্য আরও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা, বিশেষ করে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া|
সংস্থাটি বলেছে, নতুন এই উদ্যোগ অনলাইনে শিশুদের সুরক্ষা আরও শক্তিশালী করবে এবং জটিল ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় অভিভাবকদের আস্থা বাড়াবে| একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে আরও বেশি দায়িত্ব আরোপ করা হবে|
চাইল্ড প্রোটেকশন কোড-এর আওতায় শিশুদের বয়স উপযোগী ও নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে| এ জন্য প্ল্যাটফর্মগুলোকে ‘সেফটি বাই ডিজাইন’ নীতি অনুসরণ করতে হবে| এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলা ও মালিকানায় সীমাবদ্ধতা আরোপ|
এ ছাড়া শিশুদের ঝুঁকিপূর্ণ কনটেন্ট থেকে দূরে রাখতে বয়সভিত্তিক সুরক্ষা ব্যবস্থা এবং কিছু নির্দিষ্ট ফিচার ব্যবহারে সীমাবদ্ধতা থাকবে| এর ফলে শোষণমূলক ও ক্ষতিকর কনটেন্টে শিশুদের প্রবেশ কমানো সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ|
অন্যদিকে রিস্ক রিডাকশন কোড-এর আওতায় সামাজিক যোগাযোগমাধ্যম সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে আরও সক্রিয় পদক্ষেপ নিতে হবে| এর মধ্যে রয়েছে ঝুঁকি মূল্যায়ন, শক্তিশালী কনটেন্ট ব্যবস্থাপনা, কার্যকর অভিযোগ ও প্রতিক্রিয়া ব্যবস্থা, বিজ্ঞাপনদাতাদের যাচাই এবং পরিবর্তিত বা বিভ্রান্তিকর কনটেন্টে লেবেল সংযুক্ত করা|
এমসিএমসি জানিয়েছে, নতুন নীতিমালা বাস্তবায়নের জন্য প্ল্যাটফর্মগুলোকে যুক্তিসংগত সময় দেওয়া হবে| ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলা বা বিদ্যমান অ্যাকাউন্ট চালু রাখতে বয়স যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে|
বয়স যাচাইয়ের জন্য সরকারি নথি যেমন মাইকাড বা পাসপোর্ট ব্যবহার করা হবে| বর্তমানে যেসব শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, তাদের ক্ষেত্রেও একই যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হবে, যাতে শুধুমাত্র ১৬ বছর বা তার বেশি বয়সীরা অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারে|
মালয়েশিয়ায় আট মিলিয়ন বা তার বেশি ব্যবহারকারী রয়েছে এমন লাইসেন্সধারী সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো এই নতুন বিধিনিষেধের আওতায় পড়বে| এর মধ্যে রয়েছে ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক এবং ইউটিউব|





