প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা মোদির, তারেক রহমানের ধন্যবাদ
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৬, ১১:১৭:২৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৮ মে) নরেন্দ্র মোদির এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে ভারতীয় হাইকমিশন। ঈদের শুভেচ্ছায় প্রধানমন্ত্রীর উদ্দেশে মোদি বলেন, আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিনি বলেন, ঈদুল আজহা বাংলাদেশের মতো ভারতেরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অংশ। দেশজুড়ে লাখো মুসলমান অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে ঈদ উৎসব পালন করেন। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদ ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের আদর্শ তুলে ধরে। এটি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত ও বাংলাদেশ যৌথ ত্যাগ, সাংস্কৃতিক বন্ধন ও শান্তি-উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা লালন করে বলেও মন্তব্য করেন তিনি। এসময় দুই দেশের জনগণের কল্যাণে জনমুখী সহযোগিতা বৃদ্ধি করে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠাভবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন নরেন্দ্র মোদি। চিঠির শেষে বাংলাদেশের জনগণের অগ্রগতি ও উন্নতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। এদিকে, ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার পর এর জবাবে তাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ঈদুল আজহা উপলক্ষে আমাকে এবং বাংলাদেশের জনগণকে ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানানোয় আমি তাকে ধন্যবাদ জানাই। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সদ্ভাবের ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হোক।’




