হামে আরও ৪ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ৬:৪৮:২৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশে গত এক দিনে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে| এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন| এই চার মৃত্যুসহ এ পর্যন্ত হাম এবং ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগের উপসর্গ নিয়ে ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার ¯^াস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে|
সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯১ জনের| এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫১৪ জন মারা গেছে|
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২১০ জন ঢাকায় মারা গেছে; আর ৮৫ জন রাজশাহী বিভাগের| এরপর সর্বোচ্চ ৬১ জন মারা গেছে সিলেট বিভাগে| এ ছাড়া চট্টগ্রামে ৪৫, ময়মনসিংহে ৪৭, বরিশালে ৩৭, খুলনায় ২২ ও রংপুর বিভাগে ৭ জন মারা গেছে|
¯^াস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে ১ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে| গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৯৭ শিশু ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে| আর সবচেয়ে কম ১৮ জন ভর্তি হয়েছে রংপুরে|
এ নিয়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ২৬০ জন|




