নিউইয়র্কের বিশিষ্ট সাংবাদিক আবু তাহেরের সম্মানে জেলা পরিষদে চা-চক্র
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ৯:২১:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :
নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের প্রাক্তন সদস্য, নিউইয়র্ক বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, টাইম টিভি’র সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিলেট জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সিলেটের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।
চা-চক্রে বক্তারা সাংবাদিকতা, গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা জাতীয় পর্যায়ে কুটনৈতিক রিপোর্টার হিসাবে সাংবাদিক আবু তাহেরের দীর্ঘদিনের সাংবাদিকতা ও প্রবাসে বাংলা গণমাধ্যমকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, নিউনেশনের সিলেট ব্যুরো চিফ শফিক আহমদ শফি, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সাকিব আহমদ মিঠু, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার লোকমান আহমদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ফখর উদ্দিন, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন, আবু তৈয়ব, আবু সাঈদ ও জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদ।
এ সময় সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রবাসে থেকেও সাংবাদিক আবু তাহের বাংলা সাংবাদিকতা ও দেশের সাংবাদিকতার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে দীর্ঘ ৩৩ বছর ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে টাইম টিভি ও বাংলা পত্রিকা প্রবাসী বাংলাদেশিদের কথা তুলে ধরার পাশাপাশি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে আসছে। জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ফুলের তোড়া দিয়ে আমন্ত্রিত সাংবাদিক আবু তাহেরকে স্বাগত জানান।
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস- উন -নূর আবু তাহেরকে তাঁর সবচেয়ে কনিষ্ঠ সহকর্মী সাংবাদিক হিসেবে আখ্যায়িত করে বলেন , আবু তাহের আশির দশকে সিলেট প্রেসক্লাবের সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলেন। তখন তার বয়স ছিল ১৬/১৭ বছর। তিনি আবু তাহেরকে একজন সৎ সাহসী, পেশাদার এবং নির্ভীক সাংবাদিক হিসেবে তাঁর ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন , আবু তাহের আমেরিকায় চাইলে ব্যবসা বাণিজ্য করে মিলিওনার হতে পারতেন। কিন্তু তিনি একটা কমদামি ভাঙাচোরা গাড়ি দৌঁড়ান। এ অবস্থায়ও তিনি কিন্তু আমেরিকার প্রশাসনে অনেক সম্মানিত ব্যক্তি। এটাই সাংবাদিকতার আসল পাওয়া ।
টাইম টিভির সিইও আবু তাহের সিলেটের সিনিয়র সাংবাদিকদের সাথে তাঁর নানা স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, সিলেটীজম বলে একটা কথা আছে। এটা পজিটিভ বিষয়। সিলেট এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। তিনি সিলেটের সোনালি দিনের সমৃদ্ধ সাংবাদিকতার নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন। তিনি জানান, আমেরিকায় কমিউনিটির কথা চিন্তা করে টাইম টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে। টাইম টেলিভিশন কমিউনিটির স্বার্থকে সমুন্নত রেখে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য দেশি বিদেশি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দিচ্ছে।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আমেরিকায় বাংলা কমিউনিটির পক্ষে টাইম টিভি’র তৎপরতার ভুয়সী প্রশংসা করে এর অব্যাহত অগ্রযাত্রা কামনা করেন।





