মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদককে বিএনপির সতর্কবার্তা
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ৯:৪৫:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সতর্ক করেছে সিলেট মহানগর বিএনপি। একই সঙ্গে ভবিষ্যতে এধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে দলটি।
বুধবার (৩ জুন) মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় একটি অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়। সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং উপস্থিত নেতাদের সামনে অসৌজন্যমূলক ও আক্রমণাত্মক আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
বিএনপির নেতারা মনে করেন, দায়িত্বশীল পদে থেকে প্রকাশ্য কর্মসূচিতে এমন আচরণ দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক বার্তা গেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
সতর্কবার্তায় ফজলে রাব্বি আহসানকে ভবিষ্যতে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।





