প্রধানমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি মৌলভীবাজারে, বিশ্ববিদ্যালয়-মেডিকেলের ঘোষণা চায় জেলাবাসী
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ৮:২২:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নানা কর্মসূচীতে যোগ দিতে আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| প্রধানমন্ত্রীকে বরণে চায়ের দেশে বরণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি ও স্থানীয় প্রশাসন| ঘোষিত সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী| সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে তিনি সড়কপথে শ্রীমঙ্গলে যাবেন| এরপর দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন| এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে|
শ্রীমঙ্গলের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদরে যাবেন এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন| সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি|
সফরসূচি অনুযায়ী, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী বিকালে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন| সভা শেষে তিনি সিলেট হয়ে রাতেই ঢাকায় ফিরে যাবেন| প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর| এই সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন|
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, রং করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ চলছে| একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি| অন্যদিকে, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা আয়োজনের লক্ষ্যে প্যান্ডেল নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি জোরদার করা হয়েছে|
তারেক রহমানের এ সফরকে ঘিরে উন্নয়নের স্বপ্ন দেখছেন পিছিয়ে পড়া জেলা মৌলভীবাজারের বাসিন্দারা| প্রধানমন্ত্রীর জনসভা থেকে মৌলভীবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু ও মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা-বিয়ানবাজার (শেওলা) সড়ক চারলেনে উন্নীতকরণের সুষ্পষ্ট ঘোষণা চায় জেলাবাসী|
মৌলভীবাজার জেলা শহরের বাসিন্দা হোসাইন আহমদ বলেন, সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে অবহেলিত জেলা মৌলভীবাজার| শুধু সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জেলা হওয়ায় বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এ জেলায় কোনো উন্নয়ন করেনি| অথচ সিলেট বিভাগের অপর তিন জেলায়ই একাধিক সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে| তিনি বলেন, তারেক রহমানের হাত ধরেই মৌলভীবাজার উন্নয়নের মহাসড়কে উঠবে বলে আমরা প্রত্যাশা করি| পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু ও মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা-বিয়ানবাজার (শেওলা) সড়ক চারলেনে উন্নীতকরণের সুষ্পষ্ট ঘোষণা চাই আমরা| আশা করি মৌলভীবাজারবাসীকে হতাশ করবেন না প্রধানমন্ত্রী| শুধু ঘোষণা নয়, কার্যকরী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী|
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দীকী বলেন, শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য নতুন ইতিহাস সৃষ্টি করবে| আমরা আশা করছি, চায়ের রাজধানী শ্রীমঙ্গলের উন্নয়নে তিনি যুগান্তকারী কোনো ঘোষণা দেবেন| তার আগমনকে ঘিরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত| শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে|
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভার প্রস্তুতি চলছে| প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ˆতরি হয়েছে| আমরা আশা করছি, মৌলভীবাজারের জন্য কিছু সুখবর আসতে পারে| মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বিমানবন্দর চালুর বিষয়ে ঘোষণা আসার প্রত্যাশা রয়েছে|





