কর আইনজীবী সমিতির কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৭:৪৫:৩১ অপরাহ্ন

কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম| প্রশিক্ষণ কর্মশালা আইনজীবীদের আইনি জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে, যা একটি দক্ষ ও স্মার্ট কর ব্যবস্থা গঠনে সহায়ক হবে|
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের পথে এগিয়ে চলছি| কর বিভাগকেও সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও অনলাইনমুখী করা হচ্ছে| করদাতারা যাতে কোনো হয়রানি ছাড়া সহজে ই-রিটার্ন দাখিল করতে পারেন, সে বিষয়ে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে| আপনারা যত বেশি দক্ষ হবেন, সরকারের রাজস্ব আহরণ তত বেশি গতিশীল হবে|
মঙ্গলবার সকালে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন|
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান এর পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (হেড কোয়ার্টার) মো. গোলাম কিবরিয়া|
দিনব্যাপী কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন আয়কর আইনজীবী ও অর্থ বিষয়ক বিশেষজ্ঞ আলী আকবর চৌধুরী, এফসিপিএ| তিনি প্রশিক্ষণার্থীদের কর আইনের বিভিন্ন জটিল বিষয়, নতুন আইন ও আইনি প্রক্রিয়ার নানা দিক অত্যন্ত সহজ ও প্রাতিষ্ঠানিক উপায়ে উপস্থাপন করেন| কর্মশালায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র সদস্য আইনজীবীরা অংশ নেন| বিজ্ঞপ্তি




