সংসদ প্রাঙ্গণেই সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার’র দাফন
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৬, ৮:২৯:৫১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার বাদ আসর সংসদের দক্ষিণ প্লাজার নিচের টানেলে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা।
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, সংসদ সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এর আগে ধানমণ্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণে জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার মরদেহ পঞ্চগড়ের গ্রামের বাড়িতে নেওয়া সম্ভব হয়নি।
রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই বর্ষীয়ান নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সংক্ষিপ্ত জীবনী: জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার সহধর্মিণী নূর আখতার ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। তিনি এক কন্যা ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। তাঁর পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
জমির উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি আইন পেশায় যুক্ত হন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর শোক: সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা সৈনিক ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও দুঃসময়ের কোনো পর্যায়েই, কোনো পরিস্থিতিতেই আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে দলীয় জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন।’
বিগত দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে মরহুমের বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদান বিএনপি’র ইতিহাসে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে, তেমনি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায়ও এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারাল। তাঁর আদর্শ, প্রজ্ঞা, সততা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
বিরোধীদলীয় নেতার শোক: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার পেশাগত ও রাজনৈতিক জীবনে সফল এবং বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি পেশাগত জীবন, রাজনীতি ও সংসদীয় কর্মকাণ্ডে সততা, মানবিকতা এবং দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। রোববার জাতীয় সংসদে ব্যারিস্টার জমির উদ্দিনের শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং দেশের আইন অঙ্গনের একজন তারকা আইনজীবী ছিলেন।
বিরোধী দলীয় নেতা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দলীয় নেতাকর্মীরা যখন নানা আইনি জটিলতায় পড়তেন, তখন বারবার ব্যারিস্টার জমির উদ্দিনের শরণাপন্ন হতে হতো। তিনি শুধু আইনি পরামর্শই দিতেন না, আদালতে দাঁড়িয়ে নির্যাতিত নেতাদের পক্ষে লড়াইও করতেন। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পারিশ্রমিক দেওয়ার বহু চেষ্টা করা হলেও তিনি তা গ্রহণ করেননি। তিনি বলতেন, এটি তার নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক সহযোদ্ধাদের জন্য কাজ করার সুযোগ।
তিনি বলেন, এই অবদান কখনো ভোলার নয়। তার সেই মানবিকতা স্মরণ করলে আজও চোখে পানি আসে। তার ঋণ পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই।
ডা. শফিকুর রহমান বলেন, স্পিকার হিসেবে তিনি সংসদকে প্রাণবন্ত করে তুলেছিলেন। আইন অঙ্গনে তিনি ছিলেন অনেকের শিক্ষক। তার ব্যক্তিত্ব, আচরণ ও কর্মপদ্ধতি অনুসরণীয়। তবে মানুষ হিসেবে ভুল-ত্রুটি থাকতেই পারে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন ব্যারিস্টার জমির উদ্দিনের সব ভুলত্রুটি ক্ষমা করে দেন, তার কবরকে জান্নাতের নূরে আলোকিত করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিনের জীবন থেকে শিক্ষা নিয়ে সবাই যেন নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ হয়। মৃত্যুর পর মানুষের ভালোবাসা ও দোয়া অর্জনই একজন মানুষের প্রকৃত সফলতা।
বিএনপির শোক কর্মসূচী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশজুড়ে শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।





