যুক্তরাজ্যে ফেরার পথে ওসমানী এয়ারপোর্টে নারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৬, ৯:২১:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় প্রতারণা মামলার এক নারী আসামিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সকালে তাকে আটক করা হয়। পরে তাকে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতের নাম মাকসুদা চৌধুরী (৫৬)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের বাসিন্দা ও শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। তিনি যুক্তরাজ্যপ্রবাসী বলে জানিয়েছে পুলিশ।
এসএমপি সূত্র জানিয়েছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ (ইএ২০১) ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তার বিরুদ্ধে আদালত জারি করা বিদেশযাত্রা নিষেধাজ্ঞার তথ্য শনাক্ত হয়। এরপর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এসএমপির কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি মাকসুদা চৌধুরী। ওই মামলায় আদালতের নির্দেশে তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিদেশযাত্রা স্থগিত করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাকে মামলার তদন্তকারী কর্মকর্তা, সিলেট কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম বলেন, প্রতারণা মামলার আসামি হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী ওই নারীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। বিমানবন্দরে তাকে আটক করার পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।






