কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৮:৪৬:১৭ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে। তিনি কুলাউড়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের উত্তর কুলাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে খাবার খেয়ে মোটরসাইকেলযোগে কুলাউড়া শহরের কর্মস্থলে যাচ্ছিলেন তানভির। পথে উত্তর কুলাউড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা গেছে, প্রাইভেট কারটি নিজ লেন ছেড়ে বিপরীত পাশে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






