কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৮:৪৩:৩০ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে আগামী ২৮ নভেম্বর শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কেমুসাস সাহিত্য সম্মেলন ও সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার-২০২৬’। এ উপলক্ষে সম্মেলনে অংশগ্রহণের জন্য কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিকর্মীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
সম্প্রতি কেমুসাসের মাসিক কার্যকরী পরিষদের সভায় সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির প্রস্তাবনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনটি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে।
এর আগে সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির আহ্বায়ক কবি কামাল তৈয়ব অ্যাডভোকেটের সভাপতিত্বে এবং সদস্যসচিব শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলন বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেমুসাসের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক কবি আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট, পাঠাগার সম্পাদক অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলম, সহলাইব্রেরি সম্পাদক কবি ইশরাক জাহান জেলী এবং গল্পকার মিনহাজ ফয়সল।
উল্লেখ্য, এবারের সাহিত্য সম্মেলন ১৯৩৮ সালে অনুষ্ঠিত প্রথম কেমুসাস সাহিত্য সম্মেলনের সভাপতি দেওয়ান আহবাব চৌধুরী বিএ, বিদ্যাবিনোদকে উৎসর্গ করা হচ্ছে। সম্মেলনে ‘সিলেটে কবি কাজী নজরুল ইসলামের শুভাগমন ও সিলেটে নজরুল চর্চার শতবর্ষ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কেমুসাসের সাধারণ সম্পাদক, সাংবাদিক সেলিম আউয়াল।
এবারের সম্মেলন দেশের সব পর্যায়ের কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিকর্মীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করতে আগ্রহীদের ৩০০ টাকা নিবন্ধন ফি দিয়ে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন করতে হবে। অনলাইনের পাশাপাশি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়েও নিবন্ধন করা যাবে।
কেমুসাসের কার্যকরী পরিষদের মাসিক সভায় গত শনিবার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি, ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
সম্মেলনে প্রতিবারের মতো এবারও একজন দেশবরেণ্য লেখককে সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। এবার এ পুরস্কার পাচ্ছেন দেশবরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপক ডা. আবদুল হাই মিনার।
দিনব্যাপী আয়োজনে থাকবে আলোচনা সভা, কবিতা ও ছড়া পাঠসহ নানা সাহিত্যিক আয়োজন। নিবন্ধিত লেখকেরা কবিতা ও ছড়া পাঠের সুযোগ পাবেন। পাশাপাশি নিবন্ধিত অংশগ্রহণকারীদের আকর্ষণীয় উপহারসামগ্রী প্রদান করা হবে।
সম্মেলনের দুটি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজমের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। দিনব্যাপী কবি সমাবেশে সভাকবি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব ও কবি মোফাজ্জল করিম। এছাড়া সম্মেলনের সমাপনী পর্বে ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় ও আসাম বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ও নজরুল গবেষক ড. সুমিতা চক্রবর্তী এবং ড. বেলা দাস অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
সাহিত্য সম্মেলনের নিবন্ধন ও সার্বিক বিষয়ে যোগাযোগ করা যাবে ০১৭১১৩১১৫৭৪ (মাহবুব) এবং ০১৭১১৪৮০৩৭৯ (কামরুল) নম্বরে। বিজ্ঞপ্তি।






