মালয়েশিয়ায় নেটওয়ার্ক স্কুল বিতর্ক : ১৯ ব্যক্তির সন্ধানে ইমিগ্রেশন
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ৯:০৯:০৪ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে পরিচালিত বিতর্কিত ‘নেটওয়ার্ক স্কুল’-সংশ্লিষ্ট ১৯ ব্যক্তির অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি দেশটির ইমিগ্রেশন বিভাগ। তারা মালয়েশিয়ায় রয়েছেন নাকি অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
সোমবার ১০৪তম ইমিগ্রেশন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, নেটওয়ার্ক স্কুল সংশ্লিষ্ট মোট ৪৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২১০ জন বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন, ২০১ জন দেশ ছেড়েছেন এবং বাকি ১৯ জনের যাতায়াতের কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, ওই ১৯ জন অবৈধভাবে দেশ ছেড়ে যেতে পারেন অথবা অবৈধভাবে দেশে প্রবেশ করে থাকতে পারেন। তাদের অবস্থান নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানায়, বিষয়টি নিয়ে জোহর রাজ্য সরকার, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ পর্যন্ত নেটওয়ার্ক স্কুলে দুই দফা অভিযান চালিয়ে ৩৭৯ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা অভিযোগের সত্যতা অভিযানে পাওয়া যায়নি।
সম্প্রতি ফরেস্ট সিটির নেটওয়ার্ক স্কুলকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, দ্বিতীয় দেশের পাসপোর্ট ব্যবহার করে কয়েকজন ইসরায়েলি নাগরিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিষয়টি সামনে আসার পর জোহরের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন।
পরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইমিগ্রেশন বিভাগ, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিত্তিহীন জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।






