সিলেটে বাড়ছে নদীর পানি: বন্যার শঙ্কা, প্রস্তুত প্রশাসন
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ১২:২২:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে টানা বৃষ্টির প্রভাবে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদিও জেলার সবকটি পর্যবেক্ষণ কেন্দ্রেই পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে, তবুও নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা তথ্য অফিস সমন্বিতভাবে প্রস্তুতি জোরদার করেছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী (২৩ জুলাই), সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি ১২ দশমিক ৭৬ মিটার, যা বিপদসীমা ১২ দশমিক ৭৫ মিটারের মাত্র ১ সেন্টিমিটার ওপরে। সিলেট পয়েন্টে পানি রয়েছে ১০ দশমিক ১০ মিটারে, যা এখনও বিপদসীমার ৭০ সেন্টিমিটার নিচে। কুশিয়ারা নদীর আমলশীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কানাইঘাটে ২০ মিলিমিটার, সিলেটে ১৩ মিলিমিটার এবং শেওলায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) ধারণাগত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সাত দিনে সুরমা-কুশিয়ারা অববাহিকায় বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী একদিন নদ-নদীর পানি স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিনে কিছুটা কমতে পারে। তবে ২৬ থেকে ৩০ জুলাই উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলে নদীর পানি আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৮ দশমিক ৫ মিলিমিটার এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলা প্রশাসন ১৩ উপজেলায় ৫৭৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। এছাড়া ১০ হাজার ৩১৯ প্যাকেট শুকনো খাবার, ১ হাজার ২৫০ প্যাকেট শিশুখাদ্য, ১৭৫ মেট্রিক টন জিআর চাল, ৪৮ বান্ডিল ঢেউটিন এবং ১০ লাখ টাকা মজুদ রাখা হয়েছে। ইতোমধ্যে ৪১০ প্যাকেট শুকনো খাবার ও ১৫০ প্যাকেট শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার ১০৫টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। পাশাপাশি ২ লাখ ৯৫ হাজার ৬০০ প্যাকেট খাবার স্যালাইন, ১ লাখ ৪২ হাজার ২০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০ হাজার ২১৫ প্যাকেট কলেরা স্যালাইন এবং ১৭৬ ভায়াল অ্যান্টি-স্নেক ভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী মজুদ রাখা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।
অন্যদিকে, সম্ভাব্য বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি বিবেচনায় জেলা তথ্য অফিস ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং ও সড়ক প্রচারণা জোরদার করেছে। বন্যাকালীন করণীয়, আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজনীয়তা, নিরাপদ পানির ব্যবহার এবং বন্যা-পরবর্তী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, জেলা তথ্য অফিসের ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও নিয়মিত জনসচেতনতামূলক তথ্য প্রকাশ করা হচ্ছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সিলেটে বন্যাজনিত উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি, পাহাড়ধস বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে উজানে বৃষ্টিপাতের পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী কয়েকদিন নদ-নদীর পানি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।





