মালয়েশিয়ায় ৬৮ বাংলাদেশিসহ ১২৭ অবৈধ অভিবাসীর জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬, ৯:৪৯:৪৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহারের অভিযোগে ১২৭ জন অবৈধ অভিবাসীকে জরিমানা করেছেন আদালত। তাদের মধ্যে ৬৮ জন বাংলাদেশি রয়েছেন।
সম্প্রতি কেলান্তানের সেরিং, কোটা ভারুর একটি প্রিমা আবাসন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আটক ১২৭ জনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগ আনা হয়। ১৬ জনের বিরুদ্ধে একই আইনে নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ আনা হয়। অপর ১০০ জনের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) ধারায় ইমিগ্রেশন পাস বা পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়।
অভিযুক্তদের মধ্যে ৬৮ জন বাংলাদেশি, ১৯ জন ইন্দোনেশীয়, তিনজন নেপালি, ছয়জন মিয়ানমারের এবং চারজন পাকিস্তানি নাগরিক।
সেশনস কোর্টের বিচারক জুলকপ্লি আবদুল্লাহ প্রত্যেক আসামিকে ১ হাজার থেকে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের এক দিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিতি খাইদিজাহ খাইরুদ্দিন। অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গত ১০ আগস্ট কেলান্তান ইমিগ্রেশন বিভাগের পরিচালিত অভিযানে সেরিংয়ের প্রিমা আবাসন প্রকল্প এলাকা থেকে ওই ১২৭ জনকে আটক করা হয়েছিল।






