সিলেটে কলেজে আসনের পাহাড় ; তবু পছন্দের কলেজে ভর্তিযুদ্ধ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৬, ৫:৩৬:৩০ অপরাহ্ন
একাদশে সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে ৯০ হাজারের বেশি আসন

এমজেএইচ জামিল: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজে যেন আসনের পাহাড়। চলতি বছরে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী। বিপরীতে ৩৪৮টি কলেজে আসন রয়েছে প্রায় দেড় লাখ। অর্থাৎ সব উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি হলেও খালি থেকে যাবে ৯০ হাজারের বেশি আসন। তবু পছন্দের ও মানসম্মত কলেজে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের এবারও নামতে হবে প্রতিযোগিতার ভর্তিযুদ্ধে। কারণ সামগ্রিকভাবে আসনের কোনো সংকট না থাকলেও সিলেট বিভাগের প্রতিষ্ঠিত সরকারি, ক্যান্টনমেন্ট ও বহুল চাহিদাসম্পন্ন কলেজগুলোতে আসন সীমিত। ফলে ভালো ফল করেও কাঙ্ক্ষিত কলেজ ও বিভাগে জায়গা পাওয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে থাকবে উদ্বেগ।
আগামী ২ সেপ্টেম্বর থেকে সারাদেশের মতো সিলেটেও শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদন। আবেদন চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
৩৪৮ কলেজে প্রায় দেড় লাখ আসন:
সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৩৪৮টি কলেজে আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৬০টি। এর মধ্যে মানবিক বিভাগে ৭৬ হাজার ৮৫৫টি, বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৪৯৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮ হাজার ৫০৫টি আসন রয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। উত্তীর্ণদের মধ্যে ১৯ হাজার ৮৮৯ জন ছেলে এবং ৩২ হাজার ৬৮ জন মেয়ে। এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী।
অর্থাৎ উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় তিনগুণ। সব উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় ৯১ হাজারের বেশি আসন ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন বলেন, চলতি বছরে সিলেট বোর্ডের অধীনে ৩৪৮টি কলেজে একাদশ শ্রেণিতে বাংলা ও ইংরেজি ভার্সন মিলিয়ে প্রায় ১ লাখ ৪৩ হাজার আসন রয়েছে, যা উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার তুলনায় অনেক বেশি।
আসনের সংকট নেই, সংকট পছন্দের কলেজে:
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট আসনের কোনো সংকট নেই। একজন শিক্ষার্থী কোনো না কোনো কলেজে ভর্তির সুযোগ পাবেন। কিন্তু সমস্যা তৈরি হয় ভালো ফল করা শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকা সীমিতসংখ্যক প্রতিষ্ঠিত কলেজকে ঘিরে।
সিলেট বিভাগের শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে- সিলেট এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজ।
এছাড়া সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ও বিএএফ শাহীন কলেজ শমসেরনগরও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
এসব কলেজে মোট আসন থাকলেও ভালো ফলাফল, শিক্ষার পরিবেশ, প্রতিষ্ঠানের সুনাম ও উচ্চশিক্ষায় সাফল্যের কারণে প্রতিবছরই ভর্তির চাপ বেশি থাকে। ফলে সব শিক্ষার্থীই পছন্দের কলেজে জায়গা পাবেন—এমন নিশ্চয়তা নেই।
গত বছরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেটের বহুল চাহিদাসম্পন্ন কয়েকটি কলেজে একাদশ শ্রেণির আসনসংখ্যা নিম্নরূপ- সিলেট এমসি কলেজে বিজ্ঞান বিভাগে ৩০০টি আসন রয়েছে। সিলেট সরকারি কলেজে মোট ৯০০টি আসনের মধ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০০টি করে আসন রয়েছে। সিলেট সরকারি মহিলা কলেজে মোট ৭০০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫০টি এবং মানবিক বিভাগে ৩৫০টি আসন রয়েছে। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট ৩০০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০টি আসন রয়েছে।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন শিফট ও বাংলা-ইংরেজি ভার্সন মিলিয়ে উল্লেখযোগ্যসংখ্যক আসন রয়েছে। ইংরেজি ভার্সনের ডে শিফটে ৩০০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫০টি, মানবিকে ৭৫টি এবং ব্যবসায় শিক্ষায় ৭৫টি আসন। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মোট ২৪০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১২০টি, মানবিকে ৬০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬০টি আসন। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মোট ৩১০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫০টি, মানবিকে ৮০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০টি আসন। ব্লু বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজে মোট ৪৫০টি আসনের মধ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা-প্রতিটি বিভাগে ১৫০টি করে আসন রয়েছে।
সুনামগঞ্জ সরকারি কলেজে মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩০০টি, মানবিকে ৪৫০টি এবং ব্যবসায় শিক্ষায় ৩০০টি আসন আছে। সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ৭০০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫০টি এবং মানবিকে ৫৫০টি আসন রয়েছে।
মৌলভীবাজার সরকারি কলেজে মোট ১ হাজার ২০০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩০০টি, মানবিকে ৪৫০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৫০টি আসন আছে। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজেও মোট ১ হাজার ২০০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫০টি, মানবিকে ৬০০টি এবং ব্যবসায় শিক্ষায় ৪৫০টি আসন রয়েছে। বিএএফ শাহীন কলেজ শমসেরনগরে মোট ৫০০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ২০০টি, মানবিকে ১৫০টি এবং ব্যবসায় শিক্ষায় ১৫০টি আসন রয়েছে।
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে মোট ১ হাজার ৩০০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩০০টি, মানবিকে ৬০০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪০০টি আসন রয়েছে। হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে ৭৫০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫০টি, মানবিকে ৪৫০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০টি আসন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটে একাদশ শ্রেণিতে মোট আসনের তুলনায় বিজ্ঞান বিভাগের আসন কম। চলতি বছর বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ২৬ হাজার ৪৯৫টি। বিপরীতে মানবিক বিভাগে রয়েছে ৭৬ হাজার ৮৫৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮ হাজার ৫০৫টি আসন।
তবে বিজ্ঞান বিভাগে মোট আসনের চেয়ে বেশি সংকট তৈরি হয় পছন্দের কলেজগুলোতে। সিলেটের বহুল চাহিদাসম্পন্ন প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান বিভাগের আসন সীমিত। ফলে জিপিএ-৫সহ ভালো ফল করা বিপুলসংখ্যক শিক্ষার্থী একই কয়েকটি কলেজকে পছন্দক্রমে রাখলে সেখানে প্রতিযোগিতা বাড়বে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, কলেজ নির্বাচনের ক্ষেত্রে শুধু প্রতিষ্ঠানের নাম নয়, পড়াশোনার পরিবেশ, শিক্ষকসংখ্যা, বিষয়ভিত্তিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা এবং শিক্ষার্থীর ভবিষ্যৎ লক্ষ্য বিবেচনায় নেওয়া উচিত। একই সঙ্গে শহরকেন্দ্রিক কয়েকটি প্রতিষ্ঠানের ওপর চাপ কমাতে উপজেলা ও মফস্বল এলাকার কলেজগুলোর শিক্ষার মান আরও বাড়ানো প্রয়োজন।
আবেদন শুরু ২ সেপ্টেম্বর:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এবারের নীতিমালা অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে। আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
খাতা পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ থাকবে।
আগামী ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত কলেজে ভর্তির নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে।
এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর কলেজ ও মাদরাসাগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। সবশেষ আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এবার সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর জন্যই মোট আসনের সংকট নেই। কিন্তু প্রায় দেড় লাখ আসনের মধ্যেও পছন্দের কয়েকটি কলেজে ভর্তির লড়াই জমবে। একজন শিক্ষার্থী কোথায় ভর্তি হবে, তা নির্ভর করবে তার ফলাফল, পছন্দক্রম, বিভাগভিত্তিক চাহিদা এবং নির্দিষ্ট কলেজে আবেদনকারীর সংখ্যার ওপর।





