শাকসু নির্বাচনের রোডম্যাপ দাবিতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩০:৪৩ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে আগামী রোববারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি অ্যাকাডেমিক ভবন ‘ই’ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রশক্তির সদস্যসচিব রিয়াজ রিমন বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধি থাকলেও শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার মতো নির্বাচিত প্রতিনিধি না থাকায় প্রশাসনকে দ্রুত শাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে হবে।
ছাত্রশিবিরের অর্থ সম্পাদক শাকিল মাহমুদ বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯ হাজার শিক্ষার্থীর অধিকার রক্ষা করা তাঁর প্রধান দায়িত্ব। তিনি প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের সঙ্গে বসে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। তিনি আরও বলেন, রোববারের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা না হলে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হতে পারেন।
জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবরার রাশিদ বলেন, একটি রাজনৈতিক দল ও প্রশাসনের যোগসাজশে শাকসু নির্বাচন বন্ধ হওয়ার অভিযোগ রয়েছে। বর্তমান প্রশাসনের দায়িত্ব ছিল নির্বাচন পুনরুদ্ধার করে সুষ্ঠুভাবে আয়োজন করা। কিন্তু বর্তমান প্রশাসনের কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা ও দাবিকে প্রশাসন ও সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করা হলে পরিস্থিতি সুখকর হবে না।
সমাবেশ থেকে দ্রুত শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।






