বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু, গোলাম পরওয়ারের নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৮:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশী যুবক আসাদুল হক (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরো দুই বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গভীর শোক, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১৩ সেপ্টেম্বর) দেয়া এক বিবৃতিতে তিনি নিহত আসাদুল হকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, পীরগঞ্জ সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আসাদুল হক আহত হন। পরে ভারতীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সীমান্তবর্তী বাংলাদেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি করছে।
তিনি বলেন, সীমান্তে অন্য দেশের নাগরিককে কোনো কারণেই গুলি করে হত্যা করা গ্রহণযোগ্য নয়। একটি স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিককে গুলি করে হত্যা মানবাধিকার ও আন্তর্জাতিক রীতি-নীতির পরিপন্থী।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা, ন্যায়বিচার এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। সীমান্তে বারবার প্রাণহানির ঘটনা দুই দেশের জনগণের প্রত্যাশিত সুসম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করে মানবিক ও শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ঘটনার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক ও জোরালো প্রতিবাদ জানাতে হবে। একই সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। সীমান্তে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি রোধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।






