রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৬:০৯ অপরাহ্ন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
রোববার বিকেলে মাজার এলাকা পরিদর্শন করে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিসিকের নেওয়া প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সিলেট সফর করবেন। পর্যটননগরী সিলেটে তাঁর সফরকে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সিসিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তাঁর নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে মাজার জিয়ারত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিসিক প্রশাসক আরও বলেন, হযরত শাহজালাল (রহ.) মাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও সংস্কারকাজ নিয়মিতভাবে করা হচ্ছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজ আরও গতিশীল করা হয়েছে। সিসিকের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং আগামীকালের মধ্যে পুরোপুরি প্রস্তুতি শেষ হবে। তিনি বলেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত রয়েছেন। তাঁর সফর সুন্দর ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী এনামুল হক তাপাদার, উপসহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান ও মো. কামরুজ্জামান কামরুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






