জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৪:০৩ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: ‘তোমার আওয়াজ তুলো, পৃথিবী বদলে দাও’Ñএ স্লোগানকে সামনে রেখে লিড সোলজারস বিতর্ক সংসদের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হলি চাইল্ড স্কুলে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। যুক্তি, জ্ঞানচর্চা, নেতৃত্বের গুণাবলি ও শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছায়া সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন লিড সোলজারস বিতর্ক সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা মো. লোকমান মিয়া। সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো. তানভীরুল হক।
বিচারকের দায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল হক, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এবং হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক এম. শামীম আহমদ।
অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, হলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান বিপ্লব, পাড়ারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলাইমান কবির, জাফর ইকবালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পাড়াগাঁও আইডিয়াল হাই স্কুলকে পরাজিত করে ষড়পল্লী হাই স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।






