র্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৮:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : র্যাব-৯-এর পৃথক অভিযানে সুনামগঞ্জের তাহিরপুর থেকে ১৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার এবং সিলেটের কোম্পানীগঞ্জ থেকে অনলাইন জুয়ার এক এজেন্টকে আটক করা হয়েছে। শনিবার রাতে ও রোববার ভোরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, রোববার ভোরে তাহিরপুরের লাউড়ের গড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, শনিবার রাতে কোম্পানীগঞ্জের পুরান বালুচর এলাকায় অভিযান চালিয়ে রোমান আহমদ (২০) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। র্যাবের দাবি, রোমান স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে বিভিন্ন ব্যক্তিকে জুয়ায় উৎসাহিত করতেন এবং জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাতেন।
র্যাব আরও জানায়, রোমানের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও গ্যালারি পর্যালোচনা করে জুয়ার টোকেন আদান-প্রদান, অর্থ লেনদেন ও টোকেনের ছবি সংরক্ষণের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাকে ও জব্দকৃত আলামত এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধ নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।







