নগরে ৮ মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৬:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম (৪১) নামে ৮ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বন্দরবাজার সংলগ্ন জেলরোড পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল নেত্রকোনা জেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বেগম সাহেব ওরফে বল্লু বেগের ছেলে। বর্তমানে তিনি সিলেটের মোগলাবাজার থানার তেলিপাড়া এলাকায় বসবাস করেন।
এসএমপি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলরোড এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট মহানগরের বিভিন্ন থানাসহ নেত্রকোনায় মোট ৮টি মামলা রয়েছে। এর মধ্যে দ্রুত বিচার আইনে ২টি, ডাকাতির প্রস্তুতির ৩টি, চুরির ২টি এবং নেত্রকোনা সদর থানায় ১টি মামলা রয়েছে।
রোববার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান, ৮ মামলার আসামি সাইফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।







