সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১১:৪৪ অপরাহ্ন
সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : মাত্র সাত মাসেই সরকার জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, এর ফলে জাতীয় সংকট আরও দীর্ঘায়িত হচ্ছে। স্থানীয় নির্বাচন নিয়েও সরকার জাতিকে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে নির্বাচন কমিশন স্বাধীন বলা হচ্ছে, অন্যদিকে নির্বাচনের দিনক্ষণ সরকারই ঠিক করে দিচ্ছে। বিভিন্ন বিষয়ে সরকারের একেক মন্ত্রী একেক কথা বলায় জাতি বিভ্রান্ত হচ্ছে।
তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। মতবিনিময় সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, কোনো বিষয়ে সরকারের পক্ষ থেকে একক সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না। জ্বালানি, বিদ্যুৎ থেকে শুরু করে স্থানীয় নির্বাচন-সব বিষয়েই মন্ত্রীদের পরস্পরবিরোধী বক্তব্য আসছে। সরকারকে এ অবস্থা থেকে বেরিয়ে এসে একটি সিদ্ধান্ত জাতিকে জানাতে হবে।
গণভোটের রায় বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। আমরা সংসদে সমাধান চেয়েছিলাম। কিন্তু সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে। যৌক্তিক ও জনগণের দাবিতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে। সরকার শুধু বিরোধী দলের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করে। কিন্তু সরকারের কাছ থেকেও কি জাতি দায়িত্বশীল আচরণ আশা করতে পারে না?
সিলেট-ঢাকা মহাসড়ক প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেন- এনিয়ে সরকারের একেক মন্ত্রী একেক কথা বলছেন। কেউ বলছেন ২০২৮ সালে, কেউ বলছেন ২০২৯ সালে কাজ শেষ হবে। উত্তরে বিরোধী দলীয় নেতা বলেন- ঠিক কোনটি, তা সরকারই বলতে পারবে। বিরোধী দল হিসেবে আমরা কেবল চাপ প্রয়োগ কিংবা সুপারিশ করতে পারি।
শাহজালাল মাজারের দানের অর্থের স্বচ্ছতার বিষয়ে প্রশ্নের জবাবে জামায়াত আমীর বলেন, জায়গাটি স্পর্শকাতর এবং প্রায় ৭০০ বছরের পুরনো। এক্ষেত্রে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান একটি উদাহরণ হতে পারে। মাজারের অর্থ সমাজসেবা ও দ্বীনের প্রচারে ব্যয়ের উদ্যোগ নেওয়া হলে অনেক মানুষ উপকৃত হবে এবং মানুষও দানে উৎসাহিত হবে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি কেবল নামেই আছে। অবকাঠামোগত ও একাডেমিক কার্যক্রম চালুর উদ্যোগ সরকারকেই নিতে হবে। হাম আক্রান্ত ও মৃত্যু রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগের অভাব জাতিকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দ্রব্যমূল্যে প্রভাব পড়বে না-সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ডা. শফিকুর রহমান বলেন, মন্ত্রী ঠিক না বেঠিক বলেছেন, তা মানুষ নিজের চোখেই দেখতে পারছে। ইতোমধ্যে যানবাহনের ভাড়া বেড়েছে, দ্রব্যমূল্যও বাড়তে শুরু করেছে। দিন দিন এটি চরমে পৌঁছাবে না-এর নিশ্চয়তা কী? মন্ত্রীদের দায়িত্বশীলভাবে কথা বলা উচিত।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের মন্ত্রীরা এবিষয়ে বহুমাত্রিক কথা বলছেন। এসংকট থেকে উত্তরণের জন্য জামায়াতের এক্সপার্ট টিম সরকারকে কিছু প্রস্তাবনা দিয়েছিল। কিন্তু সরকার তা গুরুত্ব দেয়নি। আবার পরামর্শ চেয়ে বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
লংমার্চে ব্যবহৃত গাড়ি নিয়ে সরকারের নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দল উপযুক্ত ভাড়া দিয়ে গাড়িগুলো নিয়েছে। এসব বিতর্ক করে সরকার বিরোধী দলের যৌক্তিক আন্দোলন নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়।
রোহিঙ্গা ইস্যুতে ডা. শফিকুর রহমান বলেন, এটি আন্তর্জাতিক ইস্যু। আন্তর্জাতিকভাবেই এর সমাধানের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে ভারত ও চীনের সহযোগিতা নেওয়া যেতে পারে। আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া উচিত।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-ঊন-নূর, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমূখ।






