মতবিনিময় সভায় সিসিক প্রশাসক: নতুন ওয়ার্ডগুলোতে নগরের সুবিধা নিশ্চিতে প্রকল্প নেওয়া হয়েছে
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৭:০৪:৩৩ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অনেক সড়ক, ড্রেন ও স্ট্রিটলাইট স্থাপনের কাজ শেষের পথে। কিছু কাজ চলমান রয়েছে এবং কিছু কাজ টেন্ডার প্রক্রিয়ায় আছে।
বৃহস্পতিবার বিকেলে মেজরটিলার একটি কমিউনিটি সেন্টারে ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসইকরণ এবং হোল্ডিং ট্যাক্স চালুসহ বিভিন্ন বিষয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, বিভিন্ন ইউনিয়নের অংশ সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় এসব এলাকার বাসিন্দারাও নগরের অন্যান্য এলাকার মতো নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন। তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন ২৭টি ওয়ার্ড নিয়ে সিসিকের কার্যক্রম পরিচালিত হলেও বর্তমানে আরও ১৫টি ওয়ার্ড যুক্ত হয়েছে। তবে সে অনুযায়ী সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বাড়েনি। নিজস্ব আয় থেকেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হয়। তাই নগরের উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণে সিসিকের নিজস্ব আয় বৃদ্ধি প্রয়োজন। এ সময় তিনি নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধের মাধ্যমে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সভায় সিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক কাউন্সিলর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






