প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৭:৩৭:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ক্লাসরুমের প্রিয় মেন্টর থেকে এবার একাডেমিক শীর্ষ পদ লাভ করলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ। পদোন্নতি পেয়ে তিনি এখন পূর্ণ ‘প্রফেসর’।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শাহানা ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে এ তথ্য জানিয়ে দেয়া হয়।
কর্মের নিষ্ঠা আর মেধার মেলবন্ধনে তিনি অর্জন করেছেন ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ এ মুকুট। তাঁর এই পদোন্নতি কেবল একটি পদমর্যাদার পরিবর্তন নয়, বরং এটি তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও একাগ্রতার এক পরম স্বীকৃতি। সাদা অ্যাপ্রোনের আড়ালে তিনি কেবল একজন চিকিৎসকই নন, বরং রোগাক্রান্ত মানুষের পরম সুহৃদও। এমনটাই বলছেন তাঁর সহকর্মী ও অগণিত শিক্ষার্থী।
ডা: হোসাইন আহমেদ সিলেটের একজন অভিজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞ। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, বারডেম থেকে সিসিডি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডকিলে বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেছেন। এছাড়াও তিনি ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে উচ্চতর প্রশিক্ষণ নেন। ভবিষ্যতে ডায়বেটিসের বিষয়ে পিএইচডি করার চিন্তা রয়েছে তার।
২০০৯ সালে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে লেকচারার হিসেবে যোগদান করেন তিনি। ২০১৫ সালে সহকারী অধ্যাপক এবং ২০১৯ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এবার ২০২৬ সালে পেলেন অধ্যাপক হিসেবে পদোন্নতি। তার সর্বমোট বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে ২৬টি, এরমধ্যে ১০টি ডায়বেটিসের উপর।
এদিকে পদোন্নতি পেয়ে ডা: হোসাইন আহমদ বলেন, অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া যেকোনো চিকিৎসকের ক্যারিয়ারে একটি অন্যতম বড় মাইলফলক। আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই অর্জন শুধু আমার একার নয়- পরিবার, শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্খি এবং প্রতিনি কঠিন সময়ে যারা পাশে ছিলেন তাদেরও।
তিনি বলেন, এই পদোন্নতি চিকিৎসা শিক্ষা এবং জনস্বার্থে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক বিশাল দায়িত্বের নাম। কর্মজীবনের এই নতুন অধ্যায়ে আমি সবার সহযোগিতা ও দোয়া চাই।






