আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৭:৩৬:২৯ অপরাহ্ন

সিলেটের শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা কিডসরাইটস প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নাম রয়েছে।
শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন জামিউল হাসান আরাফ। শিশুদের অধিকারবঞ্চনা, সামাজিক সংকট ও বিভিন্ন সমস্যা মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকতাকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তিনি। শিশু সাংবাদিক হিসেবে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তার একাধিক প্রতিবেদন ও লেখা প্রকাশিত হয়েছে। তার প্রতিবেদনে শিশু অধিকার, শিক্ষা, পরিবেশ, জলবায়ু, সমাজ ও স্থানীয় বিভিন্ন বিষয় উঠে এসেছে।
কিডসরাইটস -এর প্রোফাইল অনুযায়ী, বেড়ে ওঠার সময় সুবিধাবঞ্চিত শিশুদের নানা সমস্যা কাছ থেকে দেখেছেন জামিউল। শিশুশ্রম, বাল্যবিবাহ এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার বিষয়গুলো তাকে শিশু অধিকার নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। পরে এসব সমস্যা ও অধিকার লঙ্ঘনের ঘটনা মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন তিনি।
২০০৫ সাল থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মাধ্যমে শিশু অধিকার ও কল্যাণে কাজ করা শিশু ও তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ পরিবর্তনকর্মীরা এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি পেয়েছেন। বিজ্ঞপ্তি





