সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৯:০৬:৩৪ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট অঞ্চলে বৃষ্টির বিস্তৃতি বাড়ার পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবারও বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেটে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার এ পরিস্থিতিতে সিলেট অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার প্রবণতা থাকতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।






