বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৮:৩৭:৪৯ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদী থেকে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে জমি দখলের চেষ্টা এবং জমিতে থাকা ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। নিজের জমি বালু উত্তোলনকারীদের কাছে বিক্রি করতে রাজি না হওয়ায় ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামে চেলা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সানোয়ার হোসেন।
অভিযুক্তরা হলেন, পূর্ব চাইরগাঁও গ্রামের মৃত হানিফ আলীর ছেলে রহিম আলী (৪০), আব্দুল বারীর ছেলে শফিক মিয়া (৪২), আছদ্দর আলীর ছেলে আছকির মিয়া (৫০), জিলু মিয়ার ছেলে আব্দুন নুর (৩৫), আব্দুস সাত্তারের ছেলে আলিম উদ্দিন (৪০), সুরুজ আলীর ছেলে জসিম উদ্দিন (৪৫), কামাল মিয়া, আব্দুর রহিমের ছেলে সাজিদ আলী, সাজিদ আলীর ছেলে শামিম আহমদ এবং সুরুজ আলীর ছেলে হেলাল মিয়া।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, প্রায় তিন যুগ আগে চাইরগাঁও গ্রামের আব্দুল বারীর কাছ থেকে চেলা নদীর পাড়ের পূর্ব চাইরগাঁও এলাকায় অবস্থিত এসব জমি ক্রয়সূত্রে মালিক হন একই গ্রামের কামাল উদ্দিন মাস্টার। জমি কেনার পর সেখানে কিছু অংশে বসতভিটা নির্মাণ এবং বাকি অংশে কৃষিকাজ শুরু করেন তাঁরা। দীর্ঘদিন ধরে ওই জমিতে তাঁদের দখল ও চাষাবাদ চলে আসছে। ভুক্তভোগীদের দাবি, চলতি বছর চেলা নদীতে ড্রেজার ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন শুরু হলে নদীর পাড়ের জমির মূল্য বেড়ে যায়। এরপর স্থানীয় একটি বালু উত্তোলনকারী চক্রের নজর পড়ে এসব জমির ওপর। কয়েক মাস আগে আব্দুল বারীর ছেলে শফিক মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ ওই জমির পাশে নদীতে বালু উত্তোলনের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তাঁরা জমির মালিকানা দাবি করে হুমকি দিয়ে চলে যান। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৬টার দিকে অভিযুক্তরা জমিতে থাকা বিভিন্ন ধরনের ফসল কেটে ও নষ্ট করে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী সানোয়ার হোসেন বলেন, বুধবার একদল লোক জমিতে বালু উত্তোলনের উদ্দেশ্যে খুঁটি স্থাপন করে দখলের চেষ্টা চালায়। পরদিন সকালে আবারও দলবল নিয়ে এসে জমির ফসল কেটে নষ্ট করে দেওয়া হয়। তাঁদের দাবি, নদীর পাড়ে অস্ত্রশস্ত্র মজুত রাখা হয়েছে এবং তাঁরা বর্তমানে জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের একজন আলিম উদ্দিন বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, চেলা নদীর পশ্চিম পাড়ের পূর্ব চাইরগাঁও এলাকায় জমি দখলের উদ্দেশ্যে খুঁটি স্থাপনের অভিযোগে বুধবার রশিদ মিয়া নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বৃহস্পতিবার আরেকজন বাসিন্দা জমির ফসল নষ্ট করার অভিযোগ নিয়ে থানায় আসেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ফসল নষ্টের প্রমাণ পেয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।





