বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৭:৩০:২২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে এ সংখ্যা আরও বেশি। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে এটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিহিত রয়েছে তাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যে। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা কেন্দ্রীভূত হওয়া প্রয়োজন। আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।






