ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ২:০০:৫৩ অপরাহ্ন
১৮ বছরে সিলেট বিভাগে ১০ শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। ২০২৬ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশে ২০ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে এইচএসসির ফল প্রকাশের মাত্র ১০ দিনের মধ্যে আত্মহত্যা করেছে ৯ শিক্ষার্থী। বাকি ১১টি ঘটনা ঘটেছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর। জাতীয় পর্যায়ের এই চিত্রের পাশাপাশি সিলেট বিভাগেও দীর্ঘদিন ধরে পরীক্ষার ফলাফলকেন্দ্রিক আত্মহত্যার ঘটনা ঘটছে।
সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশন ও উইলে-র (ডরষবু) গবেষণায় এ তথ্য পাওয়া যায়।
২০২৬ সালের এপ্রিল মাসে গবেষণা সংস্থা উইলে-র (ডরষবু) মাল্টি সাইক (গঁষঃরঢ়ংুপয) সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় ২০০৭ সালের জুন থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত পরীক্ষার ফল-পরবর্তী শিক্ষার্থী আত্মহত্যার ১৪২টি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে। এতে সিলেট বিভাগের ১০টি ঘটনা শনাক্ত করা হয়েছে। গবেষণায় দেশের আট বিভাগের মধ্যে সিলেটের অবস্থান তুলনামূলক নিচের দিকে হলেও এ অঞ্চলে পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা যে ঘটছে, তা উঠে এসেছে।
গবেষণায় দেখা যায়, সারা দেশে পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যা করা ১৪২ শিক্ষার্থীর মধ্যে ৯০ জন এসএসসি এবং ৩৪ জন এইচএসসি পর্যায়ের। অন্যদের মধ্যে জেএসসি, পিএসসি, মেডিকেল ভর্তি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষাসংশ্লিষ্ট ঘটনা রয়েছে। আত্মহত্যার শিকার শিক্ষার্থীদের ৭৪ দশমিক ৭ শতাংশ নারী এবং ২৫ দশমিক ৩ শতাংশ পুরুষ। গবেষণার ৭৭ দশমিক ১ শতাংশ ঘটনা ঘটেছে ফল প্রকাশের দিনই।
সিলেট বিভাগের এসব ঘটনার বিপরীতে ২০২৬ সালের এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর সিলেটে নতুন করে কতটি ঘটনা ঘটেছে, তার নির্ভরযোগ্য বিভাগভিত্তিক হিসাব এখনো পাওয়া যায়নি। তবে ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনই সিলেটের গোয়াইনঘাটে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ওই বছরের ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর গণিতে অকৃতকার্য হওয়ার খবর পেয়ে গোয়াইনঘাটের জামকান্দি গ্রামের ফাহিমা বেগম নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। সে বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিবেদনেও ফল প্রকাশের পরপরই ঘটনাটি ঘটার তথ্য উঠে আসে।
সিলেট বিভাগের দীর্ঘমেয়াদি চিত্র ও জাতীয় পর্যায়ের সাম্প্রতিক ঘটনাগুলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে ফল প্রকাশের পর প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের আচরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিংবা প্রত্যাশার চেয়ে কম নম্বর পাওয়াকে জীবনের ব্যর্থতা হিসেবে দেখার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে।
আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তানসেন রোজ বলেন, পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষার্থীরা বিশেষ ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে যায়। এ সময়ে শুধু ফলাফল প্রকাশ ও পরবর্তী শিক্ষাব্যবস্থায় ভর্তির বিষয়টি গুরুত্ব দিলেই চলবে না; শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতিও সমান মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বা প্রত্যাশিত ফল পায়নি, তাদের প্রতি পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের অপমান, ভর্ৎসনা, অন্যের সঙ্গে তুলনা কিংবা অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে জীবনের ব্যর্থতা হিসেবে না দেখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
আত্মহত্যা প্রতিরোধে সাত দফা সুপারিশ তুলে ধরে তিনি বলেন, পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা নিশ্চিত করতে হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণে প্রতিষ্ঠানভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করা জরুরি।
এ ছাড়া অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা, সহজলভ্য ও গোপনীয় মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা সম্প্রসারণ এবং জরুরি সহায়তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীদের আবেগ নিয়ন্ত্রণ, হতাশা মোকাবিলা, সমস্যা সমাধান এবং প্রয়োজনে সহায়তা চাওয়ার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও পরামর্শ দেন।
মানসিক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোপীকান্ত রায় বলেন, ‘পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিংবা প্রত্যাশিত ফল না পাওয়া একজন শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত ব্যর্থতা নয়। কিন্তু কৈশোর ও তারুণ্যে অনেক শিক্ষার্থী আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। এ সময় পরিবারের প্রত্যাশা, সামাজিক তুলনা, লোকলজ্জা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাদের মধ্যে তীব্র মানসিক চাপ তৈরি করতে পারে। কেউ কেউ সাময়িক ব্যর্থতাকে জীবনের সব সম্ভাবনার সমাপ্তি হিসেবে দেখতে শুরু করে।’
তিনি আরও বলেন, ‘ফল প্রকাশের পর অভিভাবকদের উচিত সন্তানকে বকাঝকা বা অন্যের সঙ্গে তুলনা না করে তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা। শিক্ষার্থীর আচরণে হঠাৎ পরিবর্তন, একাকিত্ব, হতাশা, নিজেকে গুটিয়ে নেওয়া কিংবা বেঁচে থাকার প্রতি অনাগ্রহ দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রয়োজন হলে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞ বা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সহায়তা নিতে হবে। মনে রাখতে হবে, পরীক্ষার ফল জীবনের একটি ধাপ মাত্র, জীবন নয়।’




