বাজারে নতুন সবজি এলেও দাম বাড়তি
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৬:১৫:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দামে স্বস্তি নেই। নতুন মৌসুমের সবজি বাজারে উঠলেও গত বছরের একই সময়ের তুলনায় দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। নতুন আলু, গাজর, টমেটো ও শিমের মতো সবজি কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। অন্যদিকে মাছ, মাংস ও ডিমের বাজারেও দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে পবিত্র রমজান শুরু হতে প্রায় তিন মাস বাকি থাকতেই বাড়তে শুরু করেছে রোজায় বহুল ব্যবহৃত পণ্য ছোলার দাম। খুচরা বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে মানভেদে ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এতে রমজানের আগেই নিত্যপণ্যের বাজারে নতুন করে মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন ভোক্তারা।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা এবং পুরনো আলু ২০ থেকে ২৫ টাকায়। গাজর বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা, নতুন দেশি টমেটো ১৩০ টাকা এবং পুরনো দেশি টমেটো ১৪০ টাকা কেজি। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ৪০ থেকে ৮০ টাকা, শিম ৬০ থেকে ১২০ টাকা এবং ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মুলা ৫০ থেকে ৬০ টাকা, শালগম ৮০ টাকা এবং কাঁচামরিচ ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে লতা বেগুন ৫০ থেকে ৮০ টাকা, গোল বেগুন ৬০ থেকে ১০০ টাকা, করলা ৭০ থেকে ১০০ টাকা এবং বরবটি ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়স, চিচিঙ্গা, পটোল ও ঝিঙা মিলছে ৬০ টাকা কেজিতে। এ ছাড়া পেঁপে ৩০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা পিস এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের মধ্যে পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা, দেশি রসুন ৯০ থেকে ৯৫ টাকা, বড় আকারের রসুন ২শ টাকা এবং আদা ১শ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি হালি কাঁচা কলার দাম ৪০ থেকে ৬০ টাকা। তবে সবজির তুলনায় শাকের দাম কিছুটা কম। লালশাক, পালংশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, সরিষাশাক ও লাউশাক বিক্রি হচ্ছে আঁটিপ্রতি ১৫ থেকে ৫০ টাকায়।
বিক্রেতারা বলছেন শীতকালীন সবজির মৌসুম শুরু হলেও এখনও বাজারে পর্যাপ্ত সরবরাহ আসেনি। গত বছরের তুলনায় শীত কিছুটা দেরিতে আসায় আগাম সবজির উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি। পাশাপাশি পরিবহন খরচও দামের ওপর প্রভাব ফেলছে। তবে ডিসেম্বরের দিকে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে আশা করছেন তারা।
ক্রেতারা বলছেন, বাজারে নতুন সবজি উঠলেও দাম বেশি হওয়ায় স্বস্তি মিলছে না। প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষকে বাজার করতে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে মাছের বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি রুই মাছ ২শ ৮০ থেকে ৩শ ৮০ টাকা, কোথাও আবার ৫শ টাকাও চাওয়া হচ্ছে রুই মাছের কেজি, বড় তেলাপিয়া ১শ ৮০ থেকে ২শ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১শ ৮০ থেকে ২শ টাকা এবং পাঙাশ ১শ ৬০ থেকে ২শ ২০ টাকায় বিক্রি হচ্ছে। কাতলা মাছ ৩শ ৫০ থেকে ৩শ ৮০ টাকা, চাষের কই ২শ থেকে ২শ ২০ টাকা এবং পাবদা ৩শ থেকে ৩শ ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
মাংসের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১শ ৭০ থেকে ১শ ৯০ টাকা, সোনালি মুরগি ২শ ৪০ থেকে ৩শ ৩০ টাকা।





