এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৭:৫০:২৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশ, যা এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন হার। আজ রোববার (১৫ নভেম্বর) সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশ করা প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এর আগে ২০২৫-২৬ ও ২০২৪-২৫ অর্থবছরে অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৩ এবং ৭ দশমিক ৯০ শতাংশ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন এবং পরবর্তীতে অন্তবর্তী সরকারের সময়ে প্রশসানে অস্থিরতা থাকায় দুই অর্থবছরে এডিপি বাস্তবায়নের গতি কম ছিল। সাধারণত স্বাভাবিক সময়ে এডিপি বাস্তবায়নের হার ১০ শতাংশের বেশি হয়। যেমন ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ, এবং এর আগের অর্থবছরে ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ।
আইএমইডির তথ্য অনুযায়ী, টাকার অংকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-অক্টোবর সময়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ২০ হাজার ১৫৯.৬৪ কোটি টাকা। সাধারণত প্রথম প্রান্তিকে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হতে দেখা যায়। যেমন ২০২৩-২৪ এবং ২০২২-২০২৩ অর্থবছরে টাকার অংকে ব্যয় হয়েছিল যথাক্রমে ২০ হাজার ৬০৯.৫৫ কোটি টাকা এবং ২১ হাজার ৮৯৫.৫৬ কোটি টাকা। চলতি অর্থবছরে সরকার সংস্থার নিজস্ব অর্থায়নসহ এডিপিতে ৩ লাখ ৮,৯২৪.৮৬ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।




