কেমুসাস সাহিত্য সম্মেলনের নিবন্ধন কার্যক্রম চলছে
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৬:২৯:৩৭ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘কেমুসাস সাহিত্য সম্মেলন ও সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার-২০২৬’। এ উপলক্ষে সম্মেলনে অংশগ্রহণের জন্য অনলাইন ও অফলাইনে নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে।
শনিবার দিনব্যাপী এ সম্মেলন নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে। সম্প্রতি কেমুসাসের মাসিক কার্যকরী পরিষদের সভায় সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির আহ্বায়ক কবি কামাল তৈয়ব অ্যাডভোকেটের সভাপতিত্বে এবং সদস্যসচিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্মেলন বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক কবি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, পাঠাগার সম্পাদক অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলম, সহলাইব্রেরি সম্পাদক কবি ইশরাক জাহান জেলী এবং গল্পকার মিনহাজ ফয়সল।
এবারের সাহিত্য সম্মেলন ১৯৩৮ সালে অনুষ্ঠিত প্রথম কেমুসাস সাহিত্য সম্মেলনের সভাপতি দেওয়ান আহবাব চৌধুরী বিএ, বিদ্যাবিনোদকে উৎসর্গ করা হয়েছে। সম্মেলনে ‘সিলেটে কবি কাজী নজরুল ইসলামের শুভাগমন ও সিলেটে নজরুল চর্চার শতবছর’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কেমুসাসের সাধারণ সম্পাদক, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল।
এবারের কেমুসাস সাহিত্য পুরস্কার পাচ্ছেন দেশবরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপক ডা. আবদুল হাই মিনার। সম্মেলনে আলোচনাসভা, কবিতা ও ছড়া পাঠের আয়োজন থাকবে। নিবন্ধিত লেখকেরা কবিতা ও ছড়া পাঠে অংশ নিতে পারবেন। তাঁদের জন্য আকর্ষণীয় উপহার সামগ্রীর ব্যবস্থাও রাখা হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করবেন কেমুসাসের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। কবি সমাবেশে সভাকবি হিসেবে থাকবেন সাবেক সচিব ও কবি মোফাজ্জল করিম।
সম্মেলনের সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও নজরুল গবেষক ড. রিজাউল ইসলাম এবং ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় ও আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নজরুল গবেষক ড. সুমিতা চক্রবর্তী ও ড. বেলা দাস।
দেশের সব কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিকর্মীর জন্য সম্মেলন উন্মুক্ত রাখা হয়েছে। অংশগ্রহণ নিশ্চিত করতে নির্ধারিত ফরম পূরণ করে ৩০০ টাকা নিবন্ধন ফি দিয়ে অনলাইনে অথবা সরাসরি সাহিত্য সংসদ কার্যালয়ে নিবন্ধন করা যাবে। গত ৭ নভেম্বর কেমুসাসের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কবি সমাবেশে কবিতা পাঠে আগ্রহীদের নিবন্ধনের সময় সর্বোচ্চ ১৬ পঙ্ক্তির কবিতা জমা দিতে হবে। সম্মেলনের সার্বিক বিষয়ে যোগাযোগ করা যাবে ০১৭১১৩১১৫৭৪ (মাহবুব) ও ০১৭১১৪৮০৩৭৯ (কামরুল) নম্বরে। বিজ্ঞপ্তি




