সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৬:৩০:১৬ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের মেধা ও মননের পূর্ণ বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমানভাবে অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কাওছার আহমদ কয়েছ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাম্মাদ সাঈদ এবং গীতা পাঠ করেন বিজয় মালাকার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উৎস দেবনাথ ও নবম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা জান্নাত আছিয়া।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি




