এইডেড স্কুলের শতবর্ষ উদযাপনের লোগো উন্মোচনে মন্ত্রী আরিফ: শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে বিদ্যালয়কে এগিয়ে নিতে হবে
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৬:২৮:১৭ অপরাহ্ন
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা ও লোগো উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, অতীতের ভুল-ত্রুটি নিয়ে পড়ে না থেকে বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এর সার্বিক উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, দি এইডেড হাই স্কুল থেকে অতীতে অনেক শিক্ষার্থী চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, রাজনীতিবিদ ও খেলোয়াড় হিসেবে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের একটি কেন্দ্রীয় কমিটির মাধ্যমে নিবন্ধনের আওতায় এনে শতবর্ষ উদযাপনকে আরও জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে তুলতে হবে।
বিদ্যালয়ের জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব উপস্থাপনের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের বিদেশে যাওয়ার প্রবণতা ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় বিদ্যালয়ে আধুনিক ভোকেশনাল সেন্টার ও ভাষা শিক্ষার পাঠ্যক্রম চালু করা প্রয়োজন। শতবর্ষ উদযাপন যেন মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও লজিস্টিক সহায়তা দিতে তিনি পাশে থাকবেন। ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি শিক্ষকদের দায়িত্ববোধ, কঠোর তদারকি ও ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শিক্ষকদের সেই আদর্শ ধারণ করে বিদ্যালয়ের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার রাতে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা ও লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শতবর্ষ উদযাপনের লোগো উন্মোচন করেন।
শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব অভিমন্যু ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. বদরুজ্জামান সেলিম, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী এম. এ. মালিক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য, ব্যবসায়ী ফরিদ বকস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রানা কুমার সিনহা, অবসরপ্রাপ্ত মেজর আমিন, ডিআইজি মো. জাবেদুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমশের আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ডা. মোস্তফা শাহজামাল বাহার, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক বনমালী কুমার রায়, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জজ কোর্টের সহকারী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল মুকিত অপি প্রমুখ।
লোগো নির্বাচনে যুক্ত ছিলেন শামসুল বাছিত শেরো ও ফয়সল মো. মহসিন। লোগোটি ডিজাইন করেন ইসমাইল গনি হিমন। লোগো সংবলিত টি-শার্ট উপহার দেন ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক। আপ্যায়নে সহযোগিতা করেন সমাজকর্মী মোহাম্মদ এহছানুল হক তাহের।
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. বদরুজ্জামান সেলিম বলেন, শতবর্ষের এই আয়োজন বিদ্যালয়ের শত বছরের ঐতিহ্য, শিক্ষা, সাফল্য ও গৌরবময় পথচলার এক অনন্য স্মারক হয়ে থাকবে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




