প্রথম ধাপে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৮:০৩:৫১ অপরাহ্ন
‘আপনাদের আচরণের মাধ্যমে বাংলাদেশকে বিচার করবে: প্রধানমন্ত্রী

জালালাবাদ ডেস্ক: মালয়েশিয়াগামী ১১২ বাংলাদেশি কর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আপনার আচরণের মাধ্যমে তারা বাংলাদেশকে বিচার করবে। তাই সুনামের সঙ্গে কাজ করবেন।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রথম দফায় মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান এবং তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য একটা স্মরণীয় দিন আজ। আমরা ১০ হাজার মানুষকে বিনা খরচে মালয়েশিয়া পাঠাব। আমি মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ এবং গন্তব্য দেশের ভাষা শেখানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন—এই আশা করি।’
দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফায় যাওয়া ১১২ কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন।
মাসিক বেতন ৫২ হাজার টাকা: রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মীর মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। তাঁদের চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নের সুযোগ রয়েছে। বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, এই নিয়োগ কার্যক্রমে অনুসরণ করা হয়েছে ‘শূন্য মানে শূন্য’ নীতি। পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা খরচ বহন করা হচ্ছে। অন্যদিকে ভিসা ও বিমান টিকিটের ব্যয় দিচ্ছে নিয়োগকর্তা।
বোয়েসেলের হিসাব অনুযায়ী, এ প্রক্রিয়ায় একজন কর্মীর আনুমানিক দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে। ১১২ জনের ক্ষেত্রে মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় দুই কোটি ১০ লাখ টাকা।
৪ হাজার আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত ১১২ জন: নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে দালালমুক্ত পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১১২ জন।
সরকারের এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বর মাসে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।
শ্রমবাজার উন্মুক্তে প্রধানমন্ত্রীর উদ্যোগ: দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ জুন পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং কর্মী নিয়োগের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তিনি।
ওই বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একমত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সরকারি এই কর্মসূচির নামে কাউকে অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির পরিচয়ে কেউ টাকা চাইলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার জন্য সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়।





