সিলেটে করোনা রোগী বেড়ে ২০
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ১:৫০:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘন্টায় বিভাগে আরো ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চলতি বছরে সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। এদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীদের মধ্যে সবাই নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরে করোনা আক্রান্ত ২০ জনের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তন্মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, ইবনে সিনা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সিলেটের সার্বিক পরিস্থিতি এখনো ভালো। চলতি বছরে সিলেটে কোভিড ও ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা: মিজানুর রহমান বলেন, আমাদের এখানে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২ জন আইসিইউতে রয়েছেন। আর ১জন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। বাকীরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। আমরা আগের দিন রাতে এবং পরদিন ভোরে রিপোর্ট দিয়ে থাকি। এই সময়ের পরে কোন কোন রোগী ডিসচার্জ নিয়ে হাসপাতালে ছেড়ে চলে যান।





