বড়লেখায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৫, ৭:৫৩:০৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মোহাম্মদ মজিদ মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও খাজনা পরিশোধে ভূমি মালিকদের কাছ থেকে ঘুষ আদায় ও সেবা গ্রহীতাদের অযথা হয়রানির অভিযোগ উঠেছে।
গত বছরের ২৫ সেপ্টেম্বর দৈনিক জালালাবাদের শেষ পৃষ্ঠায় ‘বড়লেখায় তহশিলদারের ঘুষ বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে তোলপাড় শুরু হলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তহশিলদারের ঘুষ দুর্নীতির অভিযোগের কোনো তদন্তই করেনি। এতে তিনি অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে আরো বেপরোয়া হয়ে উঠেন।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আবু হাসান, ভুক্তভোগী হুমায়ুন কবির, জাহেদুর রহমান জাহেদ, জাহাঙ্গীর হোসেন সিলেট বিভাগীয় কমিশনার ও মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মজিদ মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের সাথে তারা পত্রিকায় প্রকাশিত সংবাদের কপিটিও সংযুক্ত করে দেন।
অবশেষে মৌলভীবাজার জেলা প্রশাসনের রাজস্ব শাখার নির্দেশে বুধবার সকাল এগারোটায় অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হচ্ছে। অভিযোগের তদন্ত করছেন মৌলভীবাজারের রেভিনিউ ডেপুটি কালেক্টর শারমিন সুলতানা।
মৌলভীবাজারের রেভিনিউ ডেপুটি কালেক্টর শারমিন সুলতানা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিসহ চার ভুক্তভোগীর লিখিত অভিযোগের তদন্তের শুনানি বুধবার তার কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তিনি অভিযুক্ত তহশিলদার ও চারজন অভিযোগকারিকে তার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে স্বপক্ষের প্রমাণাদিসহ উপস্থিত হতে নোটিশ প্রদান করেছেন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত তহশিলদার মোহাম্মদ মজিদ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হয়। রিং বাজলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।






