এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে সুনামগঞ্জে ব্লকেড কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৮:১০:৪৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এনসিপির রাষ্ট্র সংস্কারের পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সুনামগঞ্জে ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত শহরের ট্রাফিক পয়েন্টে এ ব্লকেড কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। ব্লকেড কর্মসূচিতে ছাত্রশিবির, এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগ এনসিপির সভায় বাধা দিয়েছে। সড়ক অবরোধ করেছে। হামলা করেছে। বাধা পেরিয়ে সভা করেছি। এই আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গোপালগঞ্জে তারা এখনও সরব। এনসিপি সেখানে গোপালগঞ্জের নাম বদলাতে যায়নি। সেখানে গিয়েছিল শান্তির কথা বলতে, নতুন বাংলাদেশ গড়ার কথা বলতে। কিন্তু গোপালগঞ্জের ফ্যাসিস্টরা হামলা চালায়। পুলিশ হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, ইসলামি ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, শিবিরের জেলা প্রকাশনা সম্পাদক রাখাব আহমেদ শিশির, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহবায়ক ওসমান গনি, সিনিয়র যুগ্ম আহবায়ক সায়মন, ১ম যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ মানিক, ছাত্র শিবিরের কলেজ সভাপতি রাশেদুল হক জিসান।







