সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৯:২২:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে আওয়ামীলীগের তান্ডবের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।
বক্তারা গোপালগঞ্জের ঘটনাকে ‘নৃশংস ও ফ্যাসিবাদী হামলা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামসউদ্দিন, সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ নুরুল আলম, অফিস সেক্রেটারি নূরুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সোলেমান চৌধুরী প্রমুখ।







