কুলাউড়ায় জামায়াতের মেয়র প্রার্থী জাকির হোসেন
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ৬:৩৯:১৬ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জাকির হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সন্ধ্যায় পৌরসভা হলরুমে এক আলোচনা সভায় সর্বস্তরের দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে তার নাম ঘোষণা করা হয়।
পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়বের সভাপতিত্বে এবং সেক্রেটারি মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমীর জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহকারী সেক্রেটারী মো. আলাউদ্দিন ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন।
সভাশেষে জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী আগামী পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে মনোনীত মেয়র প্রার্থী হিসেবে জাকির হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।






